জাবির ভিসি ফারজানাসহ স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য (ভিসি) ফারজানা ইসলাম, তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধান চলছে। ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলে অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার প্রয়োজন।
শুনানি শেষে বিচারক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
এমআর//
