৯৯৯-এ ফোনকলের দেড় ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি হওয়া মিনিট্রাক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের দেড় ঘণ্টার মধ্যেই চুরি হওয়া একটি মিনিট্রাক উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে গোপাল নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি একজন মিনিট্রাক চালক। ঢাকার আশুলিয়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী ছিনতাইকারী অস্ত্রের মুখে ঢাকা মেট্রো-ন ১২-৬৮৩৪ নম্বরের একটি মিনিট্রাক, তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে এক পথচারীর মোবাইল ফোন ব্যবহার করে তিনি ৯৯৯-এ ফোন করেন।
কলার জানান, মিনিট্রাকটিতে একটি জিপিএস ট্র্যাকার সংযুক্ত রয়েছে, যা শুধু গাড়ির মালিক দেখতে পারেন। এ তথ্যের ভিত্তিতে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে মিনিট্রাকটির অবস্থান নিশ্চিত করে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, গাজীপুর জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণ কক্ষকে দ্রুত উদ্ধারের জন্য অবহিত করে।
৯৯৯ থেকে খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর জেলার সংশ্লিষ্ট থানার টহলদলগুলো মিনিট্রাক উদ্ধারে অভিযান শুরু করে।
৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল আব্দুল বাছিত বায়েজিদ। উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই জয়ন্ত চৌধুরী এবং পুরো কার্যক্রম তদারকি করেন ৯৯৯-এর নাইট শিফট তদারককারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিয়াউল করিম।
পরে ৯৯৯ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিগঞ্জ থানার একটি টহলদল প্রায় ৪–৫ কিলোমিটার ধাওয়া করে কালিগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের চরসিন্দুর ব্রিজের নিচ থেকে মিনিট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা মিনিট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার পুলিশ টহলদলের নেতৃত্বদানকারী এসআই রিয়াদ ৯৯৯-কে মিনিট্রাক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআর//
