নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির খোদ নাসীরুদ্দীন পাটওয়ারী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
রাজধানীতে নিজের বিরুদ্ধে ডাকা এক বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে উপস্থিত থাকতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে।
হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে প্রতিবাদ জানাতে এ কর্মসূচির ডাক দেয় আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে কর্মসূচি শুরু হলে সেখানে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি বিক্ষোভস্থলের সামনে বক্তব্যও দেন।
বিক্ষোভ কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযুক্ত ব্যক্তির নিজেই বিক্ষোভস্থলে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া জানান।
পরে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন,
‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’
এমআর//
