আইডিআরএর নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
বীমা খাতের সংস্কার ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন ওয়েবসাইট এবং ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিআইএম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন অনুষ্ঠান-২০২৬”-এ এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বীমা অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, বাংলাদেশ বীমা ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী এবং আইডিআরএ নন-লাইফ অনুবিভাগের সদস্য আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি ড. আহসান এইচ মনসুর নতুন ওয়েবসাইট ও ডিজিটাল বীমা ম্যানুয়াল উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, সুশাসন ও দায়বদ্ধতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। বিমা খাতে তহবিল ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় গ্রাহকদের দাবি পরিশোধে ব্যর্থতা দেখা দিয়েছে। এ বিষয়ে সিএফও ও সিইওদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।
ড. আহসান এইচ মনসুর আরও বলেন, বীমা খাত এখনও ছোট হলেও এর সম্প্রসারণে বাজার ও সরকারের যৌথ ভূমিকা প্রয়োজন। নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস ব্যবস্থায় গেলে রাজস্ব বাড়বে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সহায়তা দেবে বলেও জানান তিনি।
আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম বলেন, ডিজিটাল বীমা ম্যানুয়ালের মাধ্যমে বীমা সংশ্লিষ্ট সকল আইন, বিধি, প্রবিধি ও সার্কুলার এক জায়গায় সংকলিত হয়েছে। এটি ই-বুক, HTML ও পিডিএফ ফরম্যাটে ব্যবহারযোগ্য। তিনি বলেন, আইনগত, ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন হলে আগামী পাঁচ বছরে বীমা খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে।
বিশেষ অতিথি বিএম ইউসুফ আলী বলেন, বীমা কোম্পানিগুলোর অর্থ ব্যাংকে জমা থাকায় যাতে দাবি পরিশোধে সংকট না হয়, সে বিষয়ে গভর্নরের সহযোগিতা কামনা করেন। তিনি বর্তমান আইডিআরএ কর্তৃপক্ষের সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করেন।
কাজী সাখাওয়াত হোসেন লিন্টু বলেন, ডিজিটাল বীমা ম্যানুয়াল বীমা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সংশ্লিষ্ট সকলের কাজে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষাংশে বক্তারা বলেন, স্বল্পমেয়াদি লাভের চিন্তা পরিহার করে বীমা খাতকে একটি টেকসই ও উৎপাদনশীল খাতে রূপান্তর করতে হবে।
এমআর//
