প্রধান উপদেষ্টার সম্পদ ১৫ কোটি ৬২ লাখ, স্ত্রীর সম্পদ কমেছে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৯:১০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এটা প্রকাশ করেছে।
প্রকাশিত বিবরণী অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকার। এক বছর আগে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি এক লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সেই হিসেবে এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।
সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পদ বিবরণীতে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদের তথ্যও দেওয়া হয়েছে। তার বর্তমান মোট পরিসম্পদ এক কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা। আগের অর্থবছরে যা ছিল দুই কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। অর্থাৎ এক বছরে তার সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। সংযোজন-বিয়োজনের পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চারজন। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার তাঁদের সবার সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
এমআর//
