ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৯ ১৪৩২

শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

নির্বাচনের পর ছুটির মধ্যেই আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে এসব শাখা-উপশাখা খোলা রাখার বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ বিষয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ রাখতে ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে আপনাদের ও ব্যাংকের চাহিদার প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লেনদেন চলবে যেসব ব্যাংক ও শাখায়

পূবালী ব্যাংক পিএলসি : নারায়ণগঞ্জের ফতুল্লা শাখা, খুলনার খালিশপুর শাখা, দিনাজপুরের পার্বতীপুর শাখা, রংপুরের শাপলা চত্বর শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, চাঁদপুরের চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠির ঝালকাঠি শাখা, বরিশালের বরিশাল শাখা, কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখা ও সিলেটের বড়ই কান্দি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। 

উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা। জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা। ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) ২ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে।

এএইচ