চট্টগ্রামে মাইক্রোবাস থেকে জব্দ স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৫:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
চট্টগ্রামের চন্দনাইশে একটি মাইক্রোবাস থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তিনজনকে আটক করা হয়।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার আবদুল বারী হাট এলাকা থেকে ওই টাকা জব্দ করা হয়।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা এই টাকা চট্টগ্রাম–১৪ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর।
পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে টাকা ও গাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই শেষে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।
চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী নামে এক প্রার্থী রয়েছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এএইচ
