ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৯ ১৪৩২

নেতাদের প্রশ্নবিদ্ধ করতে নাটক সাজানো হয়েছে: জামায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানোর অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটি করা হয়েছে বলেছে দলটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটা সিকিউর জায়গায় এ ধরনের ঘটনা সাজানো। জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এ ধরনের অপপ্রয়াস হয়েছে।

সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, ঢাকা বিমানবন্দর থেকে এ বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। টাকা পরিবহন করতে কোনো সমস্যা নেই বলেই ঢাকা বিমানবন্দর ছাড়পত্র দিয়েছে। যেখান থেকে যাত্রা শুরু করেছেন, সেখানে তারা ক্লিয়ার করেছে। বিষয়টা সাজানো নাটক ছাড়া কিছু নয়।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, ‘এক দল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে না পারে সে চক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনী বুথ ভেঙে ফেলছে। এ ছাড়া সারা দেশেই আমাদের নেতা–কর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা ঘটছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জামায়াতে ইসলামীর এজেন্টদের সরিয়ে দেওয়া হচ্ছে-হামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘আমাদের মনে হচ্ছে প্রশাসনের একটা অংশ একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।’

এমআর//