ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৯ ১৪৩২

মিরপুরে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

রাজধানীর পল্লবীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন এজেন্টকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীর এজেন্ট।

এ ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশে সহায়তার অভিযোগে একজন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ কারাদণ্ড দেন। রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।

ওসি আলমগীর জানান, কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩) নামের দুজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রের পোলিং কর্মকর্তা মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদকের স্ত্রী বলে জানা গেছে।

এমআর//