ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ৩০ ১৪৩২

কক্সবাজার-১ আসনে বিজয়ী বিএনপির সালাহউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মোট ১৭৭টি কেন্দ্রের সব কয়টির প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। এই দিনটির জন্য মানুষ অপেক্ষা করছিল। এখন দায়িত্ব অনেক বেশি। শহিদদের ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যদের দায়িত্ব হবে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনা।’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কথাও উল্লেখ করেন তিনি।

বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করবে বলেও আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, ‘এই বিজয় প্রত্যাশিত ছিল এবং নতুন সংসদ একটি শক্তিশালী বিরোধী দল পাবে।’

এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর বিজয়ীদের গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এমআর//