ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১ ১৪৩২

নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে : নাহিদ ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও গণনার সময় ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। 

নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনে সুষ্পষ্টভাবে কারচুপি হয়েছে। অনেকগুলো আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে এটা হয়েছে।’ 

তিনি বলেন, ‘যে প্ল্যানের কথা আমরা শুনেছি সে প্ল্যানের একটা বাস্তবায়ন কিন্তু আমরা এ নির্বাচনে দেখতে পাচ্ছি। এভাবে ফলাফল কারচুপি করে পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে এ ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভেতর দেখতে পাচ্ছি, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে— সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের মানুষের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা তাদের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চাই। ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই।’ 

তিনি বলেন, “এই নির্বাচনে দুটি পক্ষ ছিল। একটি পক্ষ সংস্কার ও বিচারের পক্ষে ছিল। আরেকটি পক্ষ ছিল যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। আমরা দেখেছি, গণভোটে ‘হ্যা’ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। যারা ‘হ্যা’ ভোট দিয়েছেন, তারা ১১ দলকেও ভোট দিয়েছেন। সে হিসেবে ১১ দলের বিজয়ী হওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে।”

এমআর//