ফতুল্লায় সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১১:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ১১:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি চুল কাটার সেলুনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শিশুসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে এ ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ সেলুনের মালিক মিন্টুসহ তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।
স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টমের মোড় পর্যন্ত সড়কের বাম পাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপে দীর্ঘদিন ধরে লিকেজ রয়েছে। তাদের ধারণা, ওই লিকেজ থেকে বের হওয়া গ্যাস মিন্টুর সেলুনের ভেতরে জমে ছিল। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে নরসুন্দর মিন্টু ও এক পথচারী শিশুসহ তিনজন দগ্ধ হন। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দগ্ধদের মুখ, চুলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
এ বিষয়ে তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তারা প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।
এমআর//
