ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

মাদক-ভূমিদস্যুর বিরুদ্ধে জিরো টলারেন্স: ইশরাক হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

মাদক ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং গ্যাস সংকট নিরসনে কাজ করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

তিনি বলেন, শপথ গ্রহণের পরপরই এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুকরিয়া আদায় ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৬ আসনের বিএনপি সমর্থিত নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার জন্যই তিনি কাজ করবেন। আসন্ন রমজানকে সামনে রেখে কেউ যেন দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাজারে যাতে কোনো সিন্ডিকেট তৈরি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের লক্ষ্য রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের বিএনপি সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

এমআর//