ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে আইইবি’র শুভেচ্ছা ও অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়েছে।

বিবৃতিতে আইইবি জানায়, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এ বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা প্রত্যাশা করে।

বিবৃতিতে আরও বলা হয়, নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছে আইইবি।

দেশের টেকসই ও স্মার্ট অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ, জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী প্রযুক্তি বিকাশে প্রকৌশলীদের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।

আইইবি আরও জানায়, তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকার সুদূরপ্রসারী নীতি ও বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণের মাধ্যমে দক্ষ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা বিশ্বাস করে। একই সঙ্গে জাতীয় স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়ন অভিযাত্রা ত্বরান্বিত করতে প্রকৌশলী সমাজ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে।

“সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়ে নবনির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এমআর//