ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:২৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ১১:৩৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ফরিদপুরের সালথা উপজেলা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ সংঘাতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মাতুব্বর এবং সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও ভোট দেওয়া নিয়ে বিরোধ চলছিল।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সালথার খারদিয়া এবং বোয়ালমারীর ময়েনদিয়া বাজার এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলাকারীরা সাধারণ মানুষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
এমআর//
