ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামীকুল ইসলাম লিপন গাইবান্ধা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকেরংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে গাইবান্ধার সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। একটি মামলায় দীর্ঘদিন থেকে বন্দি ছিলেন তিনি। 

তার মৃত্যুর বিষয়টি স্বীকার করে গাইবান্ধা জেল কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘ দিন যাবৎ গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি ছিলেন। এর আগেও কারাগার থেকে সে চিকিৎসা গ্রহণ করেছেন। 

উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০১৮ সাল হতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। 

২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণ মারী গ্রামের মরহুম জোব্বার সরকারের তৃতীয় পুত্র। পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

এএইচ