ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৩ ১৪৩২

নির্বাচন সংক্রান্ত বিষয়ে ৯৯৯ নম্বরে এসেছে ৮৩৮০ ফোনকল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

নির্বাচনী সময়জুড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সেবাপ্রত্যাশী নাগরিকদের নির্বাচন সংক্রান্ত জরুরি সহায়তা প্রদান করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ২২ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, উল্লেখিত সময়ে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল গ্রহণ করে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং অন্যান্য আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে। এসব কলের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশসহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে অবহিত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি কল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার উদ্দেশ্যে।

এমআর//