তারেক রহমানের সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগামীকালের শপথ অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। তারা তাদের খুঁটিনাটি কিছু বিষয়ের চাহিদা দিয়েছেন যা গ্রহণ করা হয়েছে।
নাসিমুল গণি বলেন, সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের শপথ হবে দক্ষিণ প্লাজায়। সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়ে তাদের কাছ থেকে (বিএনপি/রাজনৈতিক দল) জানতে হবে বলে জানান তিনি।
এর আগে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে সোমবার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেয়া হয়। আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি।
এএইচ
