ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

রমজান শুরুর তারিখ জানাল বৃহত্তম মুসলিম দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিমপ্রধান দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।   

জানানো হয়েছে, সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরদিন বুধবার সন্ধ্যার পর রমজান মাস শুরু হবে। এবং বৃহস্পতিবার হবে প্রথম রোজা। 

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চাঁদ দেখার বৈঠকে বিভিন্ন প্রদেশ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। তবে কোথাও রমজানের চাঁদ দৃশ্যমান না হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও শরিয়াহভিত্তিক সিদ্ধান্তের আলোকে ১৯ ফেব্রুয়ারিকেই  প্রথম রোজার দিন নির্ধারণ করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় সাধারণত দুটি প্রধান ইসলামী সংগঠন ও সরকারি কর্তৃপক্ষের সমন্বয়ে রমজানের তারিখ নির্ধারণ করা হয়। দেশটির বিস্তীর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার সম্ভাবনা ভিন্ন হতে পারে। তবুও কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে সারাদেশে একযোগে রমজান পালনের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ওমান রমজান শুরুর ঘোষণা দিয়েছে। ওমানে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শাবান মাসের সমাপ্তি নির্দেশক চাঁদ দেখা গেছে বলে জানানো হয়েছে। এদেশেও রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।

তবে তুরস্ক, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

তুরস্কে চাঁদ দেখা না যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা। মালয়েশিয়ায় ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে। দেশটির ঘোষণায় বলা হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে।

এএইচ