স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ১১:৫৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বেলার ১১টার দিকে স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেছেন তিনি।
এদিন বেলা ১১টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।
এদিকে নতুন সরকার গঠনের পর প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক। একই দিনে সচিবদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।
পরে বিকেলে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।
এএইচ
