তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার: মির্জা ফখরুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ তিন লক্ষ্য নিয়ে নবনির্বাচিত সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, নতুন সরকারের জন্য যেসব বিষয় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সেগুলো মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার।
“রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ মানুষের জন্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের নিরাপত্তার উদ্বেগ কাটানো, এই তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার,” বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
আইনশৃঙ্খলা ও অর্থনীতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ (উন্নত) হয়েছে। অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি (ব্যাষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা) এটা অনেক ফিরে এসেছে। ব্যাংক তো অনেকটা কন্ট্রোলে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সবার সমন্বিত প্রচেষ্টায় এটাকে আরও ভালো করতে পারব।’
মবজাস্টিস বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে। একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই। এক-দেড় বছর আমরা পার হয়েছি একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে। তারা একটা ইলেকশন দিয়ে গেছে। ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেকটেড গভর্নমেন্ট হয়েছে। এটাই তো একটা বড় অ্যাচিভমেন্ট (অর্জন)। আমি তো মনে করি, দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট (এটা একটা ভালো অর্জন)।’
‘আওয়ামীলীগ বিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা, প্রশ্নে তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হয়েছে এবং এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা একসেপ্টেবল টু অল (গ্রহণযোগ্য) হয়েছে, সকলের কাছে।’
আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে, প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাব। আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাব।’
এএইচ
