৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৯ এপ্রিল, সূচি প্রকাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ) বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রগুলোতে। প্রথম দিনে বাংলা বিষয় পরীক্ষা হবে, যা ১০০ নম্বরের এবং ৩ ঘণ্টার সময় নির্ধারিত। অন্যান্য দিনের পরীক্ষার বিস্তারিত তথ্যও কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষার সময়সূচি পরে প্রকাশ করা হবে। পরীক্ষা কেন্দ্র, আসনবিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বিসিএসের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে জানানো হবে।
এর আগে ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। প্রিলিতে মোট ১২,৩৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৫০তম বিসিএস প্রিলিতে অংশগ্রহণের জন্য ২ লাখ ৯০,৯৫১ জন আবেদন করেছিলেন। ৩০ জানুয়ারি ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসির তথ্য অনুযায়ী, ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২,১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জনের নিয়োগ সুপারিশ করা হয়েছে। অন্যান্য ক্যাডার পদগুলোতেও পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
পিএসসি সূত্র জানিয়েছে, ৫০তম বিসিএসের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে এবং চলতি বছরের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। সম্প্রতি পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, ‘প্রতিবছর ১ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী ৩০ অক্টোবর ফল প্রকাশ করা হবে।’
এমআর//
