ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১:১০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার-ফেস্টুনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ইমাম উদ্দীন স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
মিছিলে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হোসেন মিঠু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান সবুজ উল্লেখযোগ্য। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পাওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা আনন্দিত ও উজ্জীবিত। তারা আশা প্রকাশ করেন, এই নেতৃত্বের মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব হবে। দেশ গঠনের এ যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এমআর//
