সাভারে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
সাভারের আশুলিয়ায় গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সিসিটিভি ফুটেজে কয়েকজনকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের পর আশুলিয়ার জামগড়া এলাকায় ইসলাম গ্রুপের ‘দি রোজ ড্রেসেস’ গার্মেন্টস কারখানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামগড়া এলাকায় রনি ব্যাপারি গ্রুপ ও বাপ্পী গ্রুপের মধ্যে গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার দুপুরে রোজ ড্রেসেস কারখানার সামনে বাপ্পী গ্রুপের লোকজন এলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে রনি গ্রুপের লোকজন ধাওয়া দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং ককটেল সদৃশ কয়েকটি বস্তু বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। উভয় পক্ষই এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়রা দাবি করেছেন।
অপরদিকে, আরমান হোসেন বাবু ও তার সহযোগীরা ছাত্রদলের পরিচয়ে সাভারের রেডিও কলোনি এলাকায় মহাসড়কের পাশে এক ডাব বিক্রেতার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে তারা মালামাল নিয়ে যান বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আশুলিয়া থানার পরিদর্শক রুবেল হাওলাদার বলেন, “ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমআর//
