ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৮ ১৪৩২

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

সড়কে চাঁদাবাজি নিয়ে সারাদেশে নানা আলোচনা চললেও লক্ষ্মীপুরে এ ধরনের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারাদেশে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ্যানি চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রী পরিষদের সভা করেছেন। আইনশৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকে সেদিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি এলাকার উন্নয়ন আমরা কিভাবে অব্যাহত রাখবো, সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সদর হাসপাতালে মানুষের মৌলিক অধিকার চিকিৎসা নিয়ে বিশেষ নজর রাখছি।’

জলাবদ্ধতা নিরসনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প নেওয়ার চিন্তা রয়েছে। ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন করা গেলে জলাবদ্ধতার যে দীর্ঘস্থায়ী কষ্ট, সেখান থেকে মানুষ মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণের ইচ্ছা রয়েছে এবং সে দিকেই নজর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মেঘনা নদী ও রহমতখালী খালের পাড়ে ভাঙন রয়েছে। পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে তা সমাধানের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী খাল খনন করা হবে। ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা থাকবে। খুব শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে এবং এর আওতায় লক্ষ্মীপুরও থাকবে।

উল্লেখ্য, তিন দিনের সফরে এ্যানি চৌধুরী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে এসেছেন। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। এর আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এমআর//