ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৮ ১৪৩২

শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

আগামীতে দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে। আগামী জাতীয় বাজেটও কোনো গতানুগতিক বাজেট হবে না; বরং অর্থনৈতিক উত্তরণের পথেই দেশকে এগিয়ে নেওয়া হবে। এর অংশ হিসেবেই শেয়ারবাজার ও অর্থনীতিতে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন আসবে বলে জানান তিনি।

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন সময় এসেছে চট্টগ্রামকে প্রকৃত অর্থে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার। বিনিয়োগ বাড়ানো, বন্দরের কার্যক্রম আরও উন্নত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। জনগণ যেন অর্থনীতির সুফল সরাসরি পায়, সে লক্ষ্যেই সরকার নীতিগত সংস্কার ও অর্থনীতিকে আরও মুক্ত করার পথে এগোবে।

এমআর//