বাবা তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার মেয়ে জাইমা রহমান। তিনি বলেছেন, দেশ ও দেশের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তার বাবাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট করেন জাইমা। সে পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেন।
জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।
পোস্টের শেষ দিকে জাইমা রহমান দেশ, জাতি এবং নিজের বাবাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’
এমআর//
