প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি সেখানে প্রবেশ করলে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এসময় সংশ্লিষ্টরা দেশের প্রধানমন্ত্রীকে এত কাছাকাছি পেয়ে আবেগাপ্লুত হন।
তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.) সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তী সময় প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন।
এর আগে দায়িত্ব গ্রহণের প্রথম দুই দিন ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিনি সচিবালয়ে অফিস করেন।
এএইচ
