ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

বাংলায় কথা বলে মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকা’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই বিশেষ শুভেচ্ছা জানান তিনি। 

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।’ 

তিনি আরও উল্লেখ করেন, ‘একুশে ফেব্রুয়ারি মানুষকে নিজের ভাষায় কথা বলতে এবং নিজস্ব ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে তিনি এই বিশেষ দিনে বাংলাদেশের মানুষের সাথে সংহতি প্রকাশ করেন।’

মার্কিন রাষ্ট্রদূতের এই বাংলায় শুভেচ্ছা প্রদান এবং আন্তর্জাতিক মহলের সংহতি জ্ঞাপন ২১ ফেব্রুয়ারির গুরুত্বকে বৈশ্বিক প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাষ্ট্রদূত তার বক্তব্যে নিজের ইতিহাস ও সংস্কৃতি ধারণ করার ওপর যে গুরুত্ব দিয়েছেন, তা একুশের চেতনারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আজ সারা বিশ্বেই ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার প্রতীক হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ১৯৫২ সালের সেই আত্মত্যাগ আজ বিশ্ব দরবারে সাহসিকতা ও অধিকার আদায়ের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত।

এএইচ