কুমিল্লায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রমের উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৩:০৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
রমজান উপলক্ষে কুমিল্লায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।
উদ্বোধন শেষ তিনি সুলভ মূল্যে বিক্রির স্টলটি পরিদর্শন করেন এবং পণ্যের খোঁজখবর নেন।
রমজান মাসে এ উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন এবং একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। তারা জানায়, রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কার্যক্রম আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।
এর আগে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। মতবিনিময় সভায় তিনি বলেন, একসময়ের ব্যাংক ও ট্যাংকের শহর কুমিল্লা ছিল নানান ঐতিহ্যে সমৃদ্ধ। শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ কুমিল্লাকে এগিয়ে নিতে নানা উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী।
এএইচ
