ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ২ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুল্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এএইচ