ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘাতের চিরাচরিত প্রথা ভেঙে এক বিরল সৌজন্যবোধের উদাহরণ তৈরি করেছেন নরসিংদী-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি ফুল হাতে হাজির হন নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইব্রাহিম ভূঁইয়ার বাড়িতে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ফুল দেওয়া-নেয়ার পর বুকে জড়িয়ে ধরেন একে অপরকে। 

নির্বাচনের মাঠে তুমুল লড়াই থাকলেও ফলাফল পরবর্তী এই সাক্ষাৎ সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া বলেন, খোকন ভাই আমার বাসায় এসেছেন এটি জেলার রাজনৈতিক একটি টার্নিং পয়েন্ট হবে। উনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তার জন্য আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে একত্রে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন ছিল একটি গণতান্ত্রিক উৎসব। আমরা প্রতিবেশী হিসেবে বছরের পর বছর একসঙ্গে বসবাস করছি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু নরসিংদীর উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। 

তিনি আরও বলেন, বিগত সময় সৈরাচারী সরকার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি করেছে তার পরিবর্তন করে গণতান্ত্রিক গুণগত পরিবর্তন আমরা করতে চাই।

এএইচ