চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইজিপির কঠোর বার্তা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার | আপডেট: ০৫:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম।
তিনি বলেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সকল ইউনিটপ্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আইজিপি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, যেকোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
এ সময় তার সঙ্গে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।
এমআর//
