নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স
ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজদের। ভারতের কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
রোববার ( ২২ ফেব্রুয়ারি) ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় ‘এ’ দলের কাছে ৪৬ রানে হারে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত আসরেও ফাইনালে ভারতের কাছেই শিরোপা হারিয়েছিল তারা।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই গতি খুঁজে পায়নি বাংলাদেশের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় তারা। ওপেনার শামীমা সুলতানা সর্বোচ্চ ২০ রান করেন। শারমিন সুলতানা করেন ১৮ এবং ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১৪ রান।
ভারতের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন প্রেমা রাওয়াত। তনুজা কানওয়ার ও সোনিয়া মেনধিয়া দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় দল। বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুনের নেতৃত্বে বোলাররা শুরুটা দারুণ করেছিলেন। তবে পঞ্চম উইকেটে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ঘুরে দাঁড়ায় ভারত। তেজল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব ইনিংস মেরামত করেন।
৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন তেজল। রাধা করেন ৩০ বলে ৩৬ রান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৩৪ রানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করায় ভারত।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান।
এমআর//
