ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১০ ১৪৩২

তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না : রাষ্ট্রদূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার | আপডেট: ০৫:৪৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন কি না -এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, আগে যেরকম চীনে হাই লেভেল ভিজিট হয়েছে। আমরা আশা করি, এবারো চীনে হাই লেভেল ভিজিট হবে।

বাংলাদেশকে চীনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত  বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেইজিং আরও উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করছে।

তিনি সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এমআর//