সরিয়ে দেয়া হলো তাজুলকে, চিফ প্রসিকিউটর হলেন আমিনুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
গত দেড় বছরে তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা। এরই মধ্যে আগামী ৪ মার্চ ঘোষণা হবে রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়।
এদিকে, আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত অর্জন করেন তিনি।
এএইচ
