গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ৪১টি হিসাব অবরুদ্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৪১টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।
এই ৪১টি হিসাবের মধ্যে ৩৮টি বিভিন্ন ব্যাংক হিসাব, দুটি বিকাশ একাউন্ট ও একটি নগদ একাউন্ট রয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। উক্ত হিসাবসমূহে বর্ণিত বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ উল্লিখিত হিসাবসমূহে জমা রেখেছেন। যে কোন সময় বর্ণিত অর্থ উত্তোলনপূর্বক বিদেশে পাচার/গোপন করার সমূহ সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।
এমতাবস্থায়, ছকে বর্ণিত ৪১টি হিসাব অবরুদ্ধ করাসহ হিসাবসমূহে অর্থ জমা করা যাবে, কিন্তু উত্তোলন করা যাবে না মর্মে প্রয়োজনীয় আদেশ দানে আদালতের সদয় মর্জি হয়।
এএইচ
