৪০ বছর আগে হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরে পেল তার পরিবার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ইমাদুল গাইন দীর্ঘ ৪০ বছর আগে হারিয়ে যান। তিনি হঠাৎ গতকাল নিজের বাড়িতে ফেরত আসেন। এ ঘটনায় ওই গ্রামে এক আবেগঘন ঘটনার সৃষ্টি হয়েছে।
দীর্ঘ প্রায় ৪০ বছর আগে হারিয়ে যাওয়া ইমাদুল গাইন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে হঠাৎ করে নিজ বাড়িতে ফিরে আসায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে অজানা কারণে নিখোঁজ হন ইমাদুল গাইন। দীর্ঘ এই সময়ে তার পরিবারের সদস্যরা আশা ছেড়ে দিলেও মনের গভীরে ছিল একটুখানি অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি নিজ গ্রামে ফিরে আসেন।
গতকাল বিকালে তাকে বাড়িতে ফিরে আসতে দেখে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে আনন্দ ও আবেগের বন্যা বইতে থাকে। অনেকেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে এক বিরল অনুভূতি।
স্থানীয়দের মতে, এমন ঘটনা সত্যিই বিরল এবং এটি সকলের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। দীর্ঘ ৪০ বছর পর আপন ঠিকানায় ফিরে আসা ইমাদুল গাইনের এই ঘটনায় এলাকায় উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে।
তার নিখোঁজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা না গেলেও, পরিবারের সদস্যরা জানান এটি তাদের জন্য এক অলৌকিক ফিরে পাওয়া।
এএইচ
