আদালতে বিশৃঙ্খলার অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটক
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে বিচার কার্যক্রম চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলার অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাদিকুল রহমান লিংকনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আদালত প্রাঙ্গনে হট্টগোল ও ভাঙচুরের মামলায় তাকে অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম। তিনি বলেন, তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।
বর্তমানে সাইদুর রহমান রিং কোট আদালত কারাগারে রয়েছেন।
এদিকে আইনজীবী সমিতির সভাপতিকে আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। এতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালতে চত্বরে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্নআদালত থেকেই জামিন দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনজীবীরা বিক্ষোভ মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করে। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাদিকুল রহমান লিংকনকে আটক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, অবিলম্বে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি জানাই। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুশিয়ারি দেন তিনি।
এএইচ
