ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৩ ১৪৩২

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৭:৪১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার একটি গভীর ষড়যন্ত্র ও অপপ্রয়াস হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের সবার দায়িত্ব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ডে 'শহীদ সেনা দিবস' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি আজ এখানে কেবল জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।’ দেশে ফেরার পরপরই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি গভীরভাবে অনুভব করেছেন, কীভাবে গত ১৭টি বছর বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেছেন স্বজনহারা শহীদ পরিবারের সদস্যরা।

সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তৎকালীন জাতীয় নিরাপত্তার চরম দুর্বলতা ফুটে উঠেছিল। এটি ছিল মূলত দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।

এ সময় ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং দেশের সুরক্ষায় জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি। 

এমআর//