ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৩ ১৪৩২

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি এনসিপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এ জন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।’

পিলখানা ট্র্যাজেডি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ‘বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা এবং দেশে ফ্যাসিবাদ কায়েমের একটি সুগভীর ব্লুপ্রিন্ট। এই নীলনকশা আওয়ামী লীগ বাস্তবায়ন করেছিল এবং এতে পার্শ্ববর্তী দেশ ভারতের সমর্থন ছিল।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘দীর্ঘ সময় পার হলেও পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি এবং পুরো ঘটনাটি এখনো জাতির সামনে রহস্যময় হয়ে আছে। তিনি পূর্ববর্তী তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ঘটনার স্বচ্ছ ও প্রকৃত বিচার কামনা করেন।’

এমআর//