ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৪ ১৪৩২

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার আকরামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী। প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এর আগে গতকাল একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনের আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

২০১৫ সালের ১১ আগস্ট, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

রায়ে বলা হয়, এই মামলার আসামি তিনজন। এর মধ্যে সিরাজুল হকের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি এবং আকরামের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হয়েছে।

প্রমাণিত হওয়া পাঁচ অভিযোগেই সিরাজকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 

ওই রায়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টে আপিল করেন খান আকরাম।

এএইচ