মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বাংলা একাডেমির মনোনয়ন তালিকায় নাম থাকার পরও বৃহস্পতিবার পুরস্কার পাননি কবি মোহন রায়হান। তিনি জাতীয় কবিতা পরিষদের সভাপতি। বেশকিছু অভিযোগ ওঠায় তার পুরস্কারটি 'সাময়িকভাবে স্থগিত' করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
‘তার লেখা এবং কবিতা বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় ব্যাপারটা খতিয়ে দেখার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কারটা সাময়িকভাবে স্থগিত করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’ এ বলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
মোহন রায়হানের লেখা ও কবিতার বিষয়ে ঠিক কী ধরনের অভিযোগ পাওয়া গেছে, সেটি অবশ্য জানায়নি বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মোহন রায়হান অভিযোগ করেছেন, ৪১ বছর আগে লেখা একটি কবিতার কারণে তার পুরস্কারটি স্থগিত করা হয়েছে।
পোস্টে তিনি বলেন, ‘আজ অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা 'তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’
মোহন রায়হান বলেন, ‘এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’
এএইচ
