ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

নরসিংদীসহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার বিচার চেয়ে ডাকসুর প্রতিবাদ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০৪:৪৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

নরসিংদীসহ সারাদেশে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্বাচন পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। মা-বোনদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে। তিনি এসব ঘটনার দ্রুত বিচার এবং সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডাকসু ভিপি আরও বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে এবং জনসম্মুখে ধর্ষকের বিচার করতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার অভিযোগের সুষ্ঠু তদন্তেরও দাবি জানান তিনি।

তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার্থীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের সুস্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।

এমআর//