ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

বইমেলা আসছে মুহাম্মাদ শফিউল্লাহর গ্রন্থ জুলাই গণঅভ্যুত্থান: মরদেহ গণনার কয়েকটি দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০৮:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সাংবাদিক মুহাম্মাদ শফিউল্লাহ’র রচিত গ্রন্থ ‘জুলাই গণঅভ্যুত্থান: মরদেহ গণনার কয়েকটি দিন’ প্রকাশিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬-এ।

বইটি প্রকাশ করছে ঐতিহ্য, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলায় ৫৮১ থেকে ৫৮৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। প্রচ্ছদ মূল্য রাখা হয়েছে ৩৭০ টাকা (৮ মার্কিন ডলার)।

বইটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, এটি কোনো তাত্ত্বিক বা বিশ্লেষণধর্মী গ্রন্থ নয়। বরং একজন সাংবাদিকের মাঠপর্যায়ের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথ, হাসপাতাল, জরুরি বিভাগ ও মর্গে দায়িত্ব পালনকালে দেখা ঘটনাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। লেখক জানিয়েছেন, কেবল যেসব ঘটনার তিনি প্রত্যক্ষদর্শী, সেগুলোরই বর্ণনা দেওয়া হয়েছে।

মুহাম্মাদ শফিউল্লাহ পেশায় সাংবাদিক, লেখক ও গবেষক। প্রায় আট বছর ধরে জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ প্রতিবেদক। এর আগে দৈনিক বণিক বার্তা এবং একুশে টেলিভিশন-এ কাজ করেছেন।

এছাড়াও ক্যাম্পাস সাংবাদিকতায় পাঁচ বছর সক্রিয় থেকে তিনি দৈনিক ইত্তেফাক, দ্য ডেইলি নিউএজ ও এনটিভি অনলাইন-এ দায়িত্ব পালন করেছেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে বিএসএস ও এমএসএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ ‘আসমত আলীর অনশন’, যা তার লেখা ছোটগল্পের সংকলন।

এমআর//