বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণহানি ১৫
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
বলিভিয়ায় দেশটির জাতীয় মুদ্রাভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী লা পাজের কাছে এই দুর্ঘটনা। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া ব্যাংক নোট লুট করতে কিছু লোকজন ঘটনাস্থলে ভিড় করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সি-১৩০ মডেলের হারকিউলিস পরিবহন বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটি পাশের সড়কে আছড়ে পড়লে অন্তত একটি গাড়ি এবং বেশ কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
বলিভিয়ার জাতীয় দমকল বিভাগের কর্নেল পাভেল টোভার সাংবাদিকদের বলেন, ‘বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা নিহতদের মৃতদেহ উদ্ধার করছি।’
তবে বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল লোরা এক বিবৃতিতে জানিয়েছেন, কার্গো বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিল। তাদের মধ্যে চারজনের মরদেহ মিললেও দু’জনের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। কার্গো উড়োজাহাজটি পূর্বাঞ্চলীয় শহর সন্তা ক্রুজ থেকে এল আলতো শহরের দিকে যাচ্ছিল বলে উল্লেখ করেছেন তিনি।
এএইচ
