রাজশাহীতে নিজ দলের কর্মীদের পিটুনিতে বিএনপি নেতা নিহত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
রাজশাহীর চারঘাটে বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যা করেছেন নিজ দলের কর্মীরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিএনপি নেতার নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। এরশাদ আলী রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী ছিলেন।
অপরদিকে, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
চারঘাট থানার এসআই সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন। এ সময় একপক্ষ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান। আর অপরপক্ষ স্থানীয় এমপি আবু সাঈদ চাঁদকেই প্রধান অতিথি করতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আলোচনা ভেস্তে যায়।
এরপর রাতে এরশাদ আলী তারাবীর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। ওই সময় চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমানসহ কয়েকজন। সেখানে এরশাদ আলী আসলে তারা লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পিটিয়ে ফেলে রেখে চলে যায়।
এতে ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়। এরশাদ আলীর বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা তার লাশ বাড়ি নিয়ে যান।
এসআই সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তরা ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহতের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এএইচ
