মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
এক বিবৃতিতে ইরান রেভ্যুলেশনারি গার্ড বা আইআরজিসি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এর পাশাপাশি ইসরায়েলে সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ইরান। এ খবর বিবিসির।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে।
আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।
দেশটিরস্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে হামলায় কোনো ক্ষতি হয়নি।
আমরা আমাদের ফোনে জরুরি সতর্কতা পাচ্ছি যাতে লোকজনকে ঘরের ভেতরে থাকার জন্য সতর্ক করা হচ্ছে। রাস্তায় এখনও যানজট রয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় কম।
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে আমিরাত ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একজন নিহত হয়েছে।
বাহরাইনে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ঘোষণা করেছে যে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, মার্কিন নৌ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।
ইরান আগেই ঘোষণা করেছিল, তাদের উপর আক্রমণ করা হলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাবে তারা।
আবুধাবিতে রকেটের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আজ জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ এখনো ঘটনা বা আহতদের সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত প্রকাশ করেনি, যদিও ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এলাকাটি সুরক্ষিত করার কাজ অব্যাহত রয়েছে।
রিয়াদে বিস্ফোরণ
বাহরাইন, কাতারের দোহার পর এ এবার সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিষ্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
এর আগে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সেখানে বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার শিকারের পর পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান।
এএইচ
