মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন ও দুবাইগামী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েলের যুদ্ধে এ দেশগুলো আক্রান্ত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফ্লাইট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে আরো বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানিয়েছেন, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আপাতত ফ্লাইট চলাচল হোল্ড রাখা হয়েছে।
এদিকে, বিমানের বিজি৩৪৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল। সেটি মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।
এএইচ
