বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১ মার্চ ২০২৬ রবিবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি'র মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন।
আজ রোববার (১ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি প্রয়াত মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই কন্যা যথাক্রমে আফরোজা খানম রিতা এমপি, পারভিন বেগম এবং তিন নাতি, দুই জামাতা, ভাইবোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরহুমার জানাজা আজ বাদআসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
মরহুমার মৃত্যুতে মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ এ জিন্নাহ কবির গভীর শোক প্রকাশ করেছেন। এ সাংসদ বলেন, ‘মানিকগঞ্জবাসী একজন মহীয়সী, ধর্মপরায়ন ও পরোপকারী একজন ব্যক্তিকে হারালো। তার মমতা ও মানবিক গুনাবলী সবার মাঝে চিরস্মরণীয় থাকবে। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ‘
এএইচ
